দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার খেলতে এসে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। তবে তাদের স্বপ্নের শুরুতে ধাক্কা খেলেও প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে আছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।
‘এইচ’ গ্রুপের ম্যাচে সোমবার মায়ামি স্টেডিয়ামে ২১ মিনিটে দর্শকদের বিস্মিত করেন কেপ ভার্দের ডিফেন্সিভ মিডফিল্ডার কেভিন পিনা। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া সরাসরি ফ্রি-কিকে উরুগুয়ের জালে বল জড়িয়ে দেন তিনি।
বিশ্বকাপে এটিই কেপ ভার্দের প্রথম গোল। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া দেশটি নিজেদের দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেল, তাও আবার উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে।
পিনার গোলটি আরও একটি পরিসংখ্যানের জন্ম দিয়েছে। বিশ্বকাপে এই প্রথম সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করল উরুগুয়ে। বড় কোনো টুর্নামেন্টে সর্বশেষ তারা সরাসরি ফ্রি-কিক থেকে গোল খেয়েছিল ২০০৭ সালের কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে।
পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা বাড়ায় উরুগুয়ে। তার ফলও পায় প্রথমার্ধের শেষ দিকে। ৪৪ মিনিটে বক্সে ভেসে আসা বলে দুই দলের দুই খেলোয়াড় হেড করার চেষ্টা করলেও কেউই ঠিকভাবে বল স্পর্শ করতে পারেননি। বলটি কেপ ভার্দের পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন উরুগুয়ের মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো আরাউহো।
সমতায় ফেরার পর যোগ করা সময়েও আক্রমণ অব্যাহত রাখে উরুগুয়ে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে সতীর্থের হেড থেকে পাওয়া বল পায়ের হালকা টোকায় জালে পাঠান আগুস্তিন কানোবিও। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দক্ষিণ আমেরিকার দলটি।
গ্রুপের প্রথম ম্যাচে দুই দলই ১ পয়েন্ট পাওয়ায় এই ম্যাচের ফলাফল নকআউট পর্বের লড়াইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জে আই